জিটিএ ৬-এর ভুয়া ডেমো ফাইল থেকে ছড়াচ্ছে ম্যালওয়্যার

August 28, 2026

যুক্তরাষ্ট্রের গেম নির্মাতা প্রতিষ্ঠান রকস্টার গেমসের বহুল প্রতীক্ষিত গেম গ্র্যান্ড থেফট অটো ৬ (জিটিএ ৬) নিয়ে তৈরি করা হয়েছে ম্যালওয়্যার ছড়ানোর একটি নতুন ফাঁদ। ম্যালওয়্যারবাইটসের বিশ্লেষণ অনুযায়ী, সাইবার অপরাধীরা রকস্টারের ব্র্যান্ডিং ও প্রচারণার আদলে ভুয়া ওয়েবসাইট তৈরি করেছে, যেখানে গেমটির ডেমো বা অফিশিয়াল ফাইল ডাউনলোডের প্রলোভন দেখানো হচ্ছে। গেমটির নির্মাতা প্রতিষ্ঠান রকস্টার গেমস আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে, তারা গেমটির কোনো ডেমো বা খেলার যোগ্য সংস্করণ এখনো প্রকাশ করেনি।

কীভাবে কাজ করছে এই ম্যালওয়্যার

ব্যবহারকারীরা যখন এই ভুয়া ওয়েবসাইটগুলো থেকে ফাইল ডাউনলোড করেন, তখন তাদের পিসিতে একটি তথ্য চোর বা ‘ইনফোস্টিলার’ ম্যালওয়্যার ঢুকে পড়ে। এটি ব্রাউজারে সংরক্ষিত পাসওয়ার্ড, কুকিজ, অথেন্টিকেটেড সেশন, ব্রাউজিং ও ডাউনলোডের ইতিহাস এবং অটোফিল প্রোফাইল ডেটার মতো সংবেদনশীল তথ্য চুরি করতে সক্ষম। এছাড়া এফটিপি ক্লায়েন্ট ক্রেডেনশিয়ালও এই ম্যালওয়্যারের লক্ষ্যবস্তু হতে পারে।

সতর্কতা ও করণীয়

জিটিএ ৬-এর সাম্প্রতিক ট্রেলার প্রকাশের পর ভক্তদের মধ্যে ব্যাপক উত্তেজনা লক্ষ্য করা গেছে, যাকে পুঁজি করেই সাইবার অপরাধীরা এই আক্রমণ চালাচ্ছে। এর আগেও গেমটির বিভিন্ন ভিডিও বা স্ক্রিনশট অনলাইনে ফাঁস হলেও কোনো গেম বিল্ড বা ডেমো ভার্সন অনলাইনে পাওয়া যায়নি। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের পরামর্শ, কোনো ফাইল ডাউনলোডের আগে ওয়েবসাইটের বৈধতা যাচাই করুন এবং গেমটির আকারের তুলনায় ফাইলের সাইজ অস্বাভাবিক ছোট মনে হলে তা এড়িয়ে চলুন। অপরিচিত উৎস থেকে কোনো ফাইল ডাউনলোড বা সেখানে পাসওয়ার্ড প্রদান করা থেকে বিরত থাকা জরুরি।

Leave a Comment