নেদারল্যান্ডসের হেগের একটি আদালত রুয়ান্ডায় ১৯৯৪ সালের গণহত্যায় জড়িত থাকার দায়ে ইউজেন এন. নামের ৬৬ বছর বয়সী এক ডাচ-রুয়ান্ডান নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। যুদ্ধাপরাধ এবং গণহত্যার অপরাধে তাকে দোষী সাব্যস্ত করে আদালত জানায়, তিনি ‘গণহত্যার অভিপ্রায়’ নিয়েই এসব অপরাধ সংঘটিত করেছিলেন।
তদন্তে উঠে এসেছে যে, রুয়ান্ডার দক্ষিণাঞ্চলের এমবাজি এলাকায় স্থানীয় প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে ইউজেন এন. প্রায় ১০০০ মানুষের ওপর কর্তৃত্ব চালাতেন। একটি ফুটবল স্টেডিয়ামে আশ্রয় নেওয়া তুতসিদের ওপর গ্রেনেড নিক্ষেপসহ তাদের পালাতে বাধা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন তিনি। এছাড়া লুটপাট ও ঘরবাড়ি জ্বালানোর মতো কর্মকাণ্ডেও তার প্রত্যক্ষ সংশ্লিষ্টতা পাওয়া গেছে।
আদালত জানায়, অভিযুক্ত ব্যক্তি স্থানীয় পর্যায়ে প্রভাবশালী হওয়ায় তার কর্মকাণ্ডের প্রভাব ছিল ব্যাপক। ভুক্তভোগী পরিবারগুলোর অসীম দুর্ভোগের কথা বিবেচনা করে শুধুমাত্র যাবজ্জীবন কারাদণ্ডই ন্যায়বিচার নিশ্চিত করতে পারে বলে পর্যবেক্ষণ দিয়েছে বিচারক।
২০১৪ সালে রুয়ান্ডা তাকে প্রত্যর্পণের আবেদন জানালে নেদারল্যান্ডস কর্তৃপক্ষ নিজস্ব তদন্ত শুরু করে। ২০২০ সালে তদন্তের অংশ হিসেবে ৩০ জনেরও বেশি সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয় এবং ২০২৪ সালে তাকে গ্রেপ্তার করা হয়।
আসামি ইউজেন এন. নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। তার আইনজীবীরা দাবি করেছেন যে, তিনি নিজেও সেই ভয়াবহ ঘটনার শিকার এবং পরিবার হারিয়েছেন। এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে তার পক্ষ থেকে জানানো হয়েছে।