যুক্তরাষ্ট্রের গুগল জানিয়েছে যে, অধিকাংশ আধুনিক অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীরা তাদের গাড়িতে অ্যান্ড্রয়েড অটো সেবাটি ব্যবহার করতে পারবেন। এটি মূলত ফোনের প্রয়োজনীয় অ্যাপগুলোকে গাড়ির ড্যাশবোর্ডের মাধ্যমে নিয়ন্ত্রণ করার একটি মাধ্যম, যা বর্তমানের আধুনিক গাড়িগুলোতে ইন-বিল্ট ইনফোটেইনমেন্ট সিস্টেমের বিকল্প হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে।
অ্যান্ড্রয়েড ৯ বা তার পরবর্তী সংস্করণের অপারেটিং সিস্টেম চালিত প্রায় সব স্মার্টফোনেই এই সুবিধা পাওয়া যায়। তবে ফোনটি যদি অ্যান্ড্রয়েড ১০ বা তার পরবর্তী ভার্সন হয়, তবে এতে অ্যান্ড্রয়েড অটো আগে থেকেই ইনস্টল করা থাকে। অ্যান্ড্রয়েড ৯ ভার্সন ব্যবহারকারীদের ক্ষেত্রে গুগল প্লে-স্টোর থেকে এটি ডাউনলোড করে নিতে হয়।
ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটোর ক্ষেত্রে ফোনের হার্ডওয়্যার ও সফটওয়্যার কিছুটা ভিন্ন দাবি রাখে। এর জন্য ফোনের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ১১ বা তার পরের সংস্করণ হতে হয়। পাশাপাশি ফোনে ৫ গিগাহার্জ ব্যান্ডের ওয়াই-ফাই সংযোগ সুবিধা থাকা আবশ্যক।
তবে কাস্টম রম বা থার্ড-পার্টি অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের ক্ষেত্রে কিছু জটিলতা থাকতে পারে। গ্রাফিন ওএস (GrapheneOS) বা ক্যালিক্স ওএস (CalyxOS)-এর মতো প্ল্যাটফর্মে এটি ব্যবহারের জন্য বিশেষ পারমিশন বা সেটিংস পরিবর্তনের প্রয়োজন হয়। গুগলের নিজস্ব সেবা নেই এমন ফোনেও এটি ব্যবহারের ক্ষেত্রে সীমাবদ্ধতা দেখা দিতে পারে।
অনেক ক্ষেত্রে ফোনের পরিবর্তে গাড়ি বা সংযোগের ত্রুটির কারণে অ্যান্ড্রয়েড অটো কাজ করে না। ওয়্যার্ড কানেকশনের ক্ষেত্রে ডাটা সাপোর্ট করে এমন ভালো মানের ইউএসবি ক্যাবল ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া ভিপিএন (VPN) ব্যবহার করলে সংযোগ বিচ্ছিন্ন হতে পারে, যা স্প্লিট টানেলিং বা ভিপিএন বন্ধ রাখার মাধ্যমে সমাধান করা সম্ভব। কোনো ফোনের হার্ডওয়্যার বা সফটওয়্যার পুরোনো হলে তা হালনাগাদ করা অথবা নতুন হ্যান্ডসেটে রূপান্তর করাই কার্যকর উপায় বলে মনে করছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি।