অ্যান্ড্রয়েড অটোতে অডিওর মান উন্নত করার কার্যকর উপায়

August 31, 2026

যুক্তরাষ্ট্রের প্রযুক্তিনির্ভর সংবাদমাধ্যম এনগ্যাজেট অ্যান্ড্রয়েড অটোতে অডিওর মান উন্নত করার বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দিয়েছে। গাড়িতে গান শোনার সময় অডিওর মান উন্নত করতে প্রথমেই মিউজিক অ্যাপের সেটিংস, অ্যাপের প্রসেসিং এবং গাড়ির নিজস্ব অডিও সেটিংস পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, কেবল ক্যাবল পরিবর্তন করলেই অডিওর মান রাতারাতি উন্নত হবে না। যদি আপনার ব্যবহৃত ক্যাবলটি সঠিকভাবে কাজ করে, তবে উচ্চ ক্ষমতার ক্যাবল অডিওর গুণমানে তেমন কোনো পরিবর্তন আনবে না। তবে সংযোগ বিচ্ছিন্ন বা ত্রুটিপূর্ণ হলে ভালো মানের ক্যাবল ব্যবহার করা জরুরি।

মিউজিক অ্যাপের মান যাচাই

অ্যান্ড্রয়েড অটোতে অডিওর মান খারাপ হওয়ার পেছনে দুর্বল ইন্টারনেট সংযোগ একটি বড় কারণ হতে পারে। নেটওয়ার্ক দুর্বল থাকলে স্ট্র্রিমিং মান কমে যায়। এটি এড়াতে পছন্দের প্লে-লিস্ট বা অ্যালবাম আগে থেকেই ডাউনলোড করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া মিউজিক অ্যাপের ইকুয়ালাইজার (EQ) এবং নরমালাইজেশন সেটিংস যাচাই করা প্রয়োজন। গাড়ির স্পিকারের জন্য অডিও সেটিংস এমনভাবে সমন্বয় করতে হবে যাতে বাড়তি বেস বা সাউন্ড প্রসেসিংয়ের কারণে শব্দের মান নষ্ট না হয়।

ওয়্যারড ও ওয়্যারলেস সংযোগ পরীক্ষা

অ্যান্ড্রয়েড অটোতে যদি সাউন্ডে সমস্যা হয়, তবে প্রথমে ক্যাবল দিয়ে সংযুক্ত করে একই গান শুনে দেখতে হবে। যদি ওয়্যারড সংযোগে সাউন্ড ঠিক থাকে, তবে বুঝতে হবে সমস্যাটি ওয়্যারলেস সংযোগের। আর যদি দুটিতেই সমস্যা হয়, তবে গাড়ির ইনফোটেইনমেন্ট সিস্টেমের সেটিংস পরীক্ষা করতে হবে। গাড়ির অডিও সিস্টেমে থাকা বেস বুস্ট বা সারাউন্ড মোড বন্ধ রেখে সাউন্ড তুলনা করে দেখা যেতে পারে। এছাড়া আফটারমার্কেট রিসিভার ব্যবহারকারীদের ক্ষেত্রে ফার্মওয়্যার আপডেট আছে কি না, তা যাচাই করাও গুরুত্বপূর্ণ।

Leave a Comment