যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অ্যাপলের প্রযুক্তি বিশ্লেষক বেন স্টেগনার আইফোনের স্টোরেজ খালি করার জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। যারা আইফোনের জায়গা কমে যাওয়া নিয়ে সমস্যায় ভুগছেন, তাদের জন্য সাধারণ অ্যাপ বা ফটো ডিলিট করার বাইরেও কিছু কার্যকর পদ্ধতি রয়েছে।
আইফোনের সেটিংসে গিয়ে জেনারেল এবং এরপর আইফোন স্টোরেজ অপশনে ক্লিক করলে কোন অ্যাপ বা ফাইল সবচেয়ে বেশি জায়গা দখল করে আছে, তা সহজেই দেখা সম্ভব। এখান থেকেই অপ্রয়োজনীয় বড় ফাইলগুলো মুছে ফেলা যায়।
মেসেজ ও অ্যাটাচমেন্ট পরিষ্কার
গ্যালারি থেকে ফটো বা ভিডিও ডিলিট করলেও মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপের মতো অ্যাপগুলোতে সেগুলো জমা থাকতে পারে। আইফোন স্টোরেজ অপশন থেকে মেসেজ অ্যাপে ঢুকে বড় ফাইলগুলো চিহ্নিত করে মুছে ফেলা সম্ভব। হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে অ্যাপের ভেতরে স্টোরেজ অ্যান্ড ডেটা মেনু থেকে নির্দিষ্ট চ্যাটের বড় ফাইলগুলো ম্যানেজ করা যায়। তবে গুরুত্বপূর্ণ ফাইল ডিলিট করার আগে সেগুলো অন্য কোথাও ব্যাকআপ রাখা জরুরি।
ডিলিট করা ফাইল চূড়ান্তভাবে মুছে ফেলা
অনেক ক্ষেত্রে আইফোনের অ্যাপ থেকে কিছু মুছে ফেলার পর সেগুলো রিসেন্টলি ডিলিটেড ফোল্ডারে জমা থাকে। ফটোজ অ্যাপ বা ফাইলস অ্যাপের এই ফোল্ডারগুলো চেক করে সেখান থেকে ফাইলগুলো স্থায়ীভাবে ডিলিট করলে ফোনের জায়গা খালি হয়। বিশেষ করে গেম বা অন্যান্য অ্যাপের বড় ফাইলগুলো ফাইলস অ্যাপের ওন মাই আইফোন সেকশনে জমা থাকে কিনা তা যাচাই করা উচিত।
ডাউনলোড করা ডেটা নিয়ন্ত্রণ
স্পটিফাই, পডকাস্ট বা অফলাইন ম্যাপের মতো অ্যাপগুলো প্রচুর জায়গা দখল করে। এসব অ্যাপে অটোমেটিক ডাউনলোড অপশন বন্ধ রাখা বা ডাউনলোডের কোয়ালিটি কমিয়ে দিলে স্টোরেজ সাশ্রয় হয়। পডকাস্ট অ্যাপে শোনা শেষ হওয়া এপিসোডগুলো স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলার সেটিংস চালু রাখা বুদ্ধিমানের কাজ।
অন্যান্য উপায়
আইফোনের সেটিংস থেকে ফটোজ অ্যাপে গিয়ে অপ্টিমাইজ আইফোন স্টোরেজ অপশনটি চালু করলে ডিভাইসে ফোনের মূল রেজোলিউশনের পরিবর্তে হালকা সংস্করণ জমা থাকে, যা প্রচুর জায়গা বাঁচায়। এছাড়া প্রয়োজন না থাকলে অ্যাপের ক্যাশ ফাইল পরিষ্কার করা এবং অ্যাপল ইন্টেলিজেন্সের মতো বড় ফাইলগুলো সরানোর মাধ্যমেও স্টোরেজ বাড়ানো সম্ভব।