ইউরোপীয় ইউনিয়নের কঠোর বিধিনিষেধের মুখে চ্যাটজিপিটি, রেডিট ও রবলক্স

September 1, 2026

ইউরোপীয় ইউনিয়নের ব্রাসেলসে ইউরোপীয় কমিশন চ্যাটজিপিটি, রেডিট এবং রবলক্সকে তাদের ডিজিটাল সার্ভিস অ্যাক্টের (ডিএসএ) আওতায় অত্যন্ত কঠোর বিধিনিষেধের অধীনে আনার ঘোষণা দিয়েছে। এই প্ল্যাটফর্মগুলোর ব্যবহারকারীর সংখ্যা ইউরোপীয় ইউনিয়নে প্রতি মাসে ৪ কোটি ৫০ লাখ অতিক্রম করায় কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে। ইউরোপীয় কমিশনের নির্বাহী ভাইস-প্রেসিডেন্ট হেনা ভিরকুনেন জানিয়েছেন, এই পদক্ষেপের মাধ্যমে প্ল্যাটফর্মগুলোকে এখন থেকে আরও বেশি স্বচ্ছতা ও জবাবদিহিতার আওতায় আনা হবে, কারণ নাগরিক ও সমাজের ওপর এদের প্রভাব অনেক বেশি।

ডিএসএ-এর কঠোর নিয়ম অনুযায়ী, এই তিনটি প্ল্যাটফর্মকে এখন তাদের অ্যালগরিদম এবং সেবার ওপর বাড়তি নজরদারি চালাতে হবে। বিশেষ করে অবৈধ কনটেন্ট ছড়ানো রোধ, অপ্রাপ্তবয়স্কদের ওপর নেতিবাচক প্রভাব কমানো এবং নির্বাচনী প্রক্রিয়ায় কোনো ধরনের হস্তক্ষেপ ঠেকাতে কোম্পানিগুলোকে কঠোর ব্যবস্থা নিতে হবে। এছাড়া বার্ষিক নিরীক্ষা, তথ্য আদান-প্রদান এবং গবেষকদের ডেটা ব্যবহারের সুযোগ করে দেওয়ার মতো নতুন নিয়ম মেনে চলতে হবে তাদের।

নতুন এই সিদ্ধান্তের ফলে আগামী চার মাসের মধ্যে এই তিনটি প্ল্যাটফর্মকে পুরোপুরি নিয়ম মেনে কার্যক্রম পরিচালনা করতে হবে। বর্তমানে ইউরোপীয় কমিশনের তালিকাভুক্ত অত্যন্ত বড় অনলাইন প্ল্যাটফর্ম বা সার্চ ইঞ্জিনের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮টি।

রেডিটের এক মুখপাত্র জানিয়েছেন, তারা ইইউ-এর ডিজিটাল সার্ভিস অ্যাক্ট মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ। নিয়ম অনুযায়ী প্ল্যাটফর্মটি স্বচ্ছতা বজায় রাখতে এবং নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করতে প্রস্তুত রয়েছে।

Leave a Comment