যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অ্যাপল তাদের বিরুদ্ধে করা বাণিজ্যিক গোপনীয়তা সংক্রান্ত মামলায় ওপেনএআইয়ের বিরুদ্ধে নতুন প্রমাণ হাজির করেছে। একটি ল্যাপটপ থেকে অ্যাপলের সাবেক কর্মীর গোপন ফাইল ব্যবহারের প্রমাণ পাওয়ার বিষয়টি কোম্পানিটির পক্ষ থেকে আদালতে জানানো হয়েছে। ওপেনএআইয়ের হার্ডওয়্যার ব্যবসায় অ্যাপলের গোপন তথ্য ব্যবহারের অভিযোগটি প্রমাণ করাই এই আইনি পদক্ষেপের মূল উদ্দেশ্য।
অ্যাপলের সাবেক জ্যেষ্ঠ সিস্টেম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার চ্যাং লিউকে ঘিরে এই নতুন অভিযোগ দানা বেঁধেছে। অ্যাপলের ফরেনসিক তদন্তে দেখা গেছে, ওপেনএআইয়ে যোগ দেওয়ার পর লিউ তার ব্যবহৃত ল্যাপটপ থেকে অ্যাপলের থার্ড-পার্টি ক্লাউড স্টোরেজে ঢুকে ডজনখানেক গোপনীয় ফাইল ডাউনলোড করেছিলেন। এর মধ্যে সার্কিট স্কিম্যাটিকের মতো অত্যন্ত সংবেদনশীল তথ্যও রয়েছে। অ্যাপলের দাবি, লিউ ওপেনএআইয়ের হয়ে কাজ করার সময় ওই স্কিম্যাটিক ব্যবহার করে সিমুলেশন চালিয়েছেন এবং অ্যাপলের অভ্যন্তরীণ ইঞ্জিনিয়ারিং টুলের সঙ্গে হুবহু মিল থাকা সফটওয়্যার ব্যবহার করেছেন।
তদন্তের বিষয়ে অ্যাপল আরও অভিযোগ করেছে যে, অভ্যন্তরীণ অনুসন্ধানের কথা জানার পর লিউ তার ওপেনএআইয়ের এক সহকর্মীকে অ্যাপলের ডিভাইসগুলো রিস্টোর বা ফ্যাক্টরি রিসেট করতে বলেন। অ্যাপলের ভাষ্যমতে, ফরেনসিক প্রমাণের অস্তিত্ব মুছে ফেলতেই এমন নির্দেশ দিয়েছিলেন তিনি।
এর আগে আগস্ট মাসে অ্যাপল ১১ জন সাবেক কর্মীর বিরুদ্ধে ওপেনএআইয়ের সঙ্গে বাণিজ্যিক গোপনীয়তা শেয়ার করার অভিযোগ এনেছিল। তবে অ্যাপলের এই অভিযোগকে ভিত্তিহীন ও আক্রমণাত্মক বলে প্রত্যাখ্যান করেছে ওপেনএআই। কোনো ধরনের ভুল কাজ করার কথা অস্বীকার করেছে এআই নির্মাতা প্রতিষ্ঠানটি।