ভয়ংকর ভাইরাস নিয়েও কেন অসুস্থ হয় না বাদুড়, রহস্য উদঘাটন বিজ্ঞানীদের

September 3, 2026

যুক্তরাষ্ট্রের নিউ অর্লিন্সে অবস্থিত টুলেন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক বাদুড়ের শরীরে থাকা বিশেষ রোগ প্রতিরোধ ব্যবস্থার রহস্য উদঘাটন করেছেন। তাদের গবেষণায় দেখা গেছে, ভেসপার প্রজাতির বাদুড়ের শরীরে অ্যান্টিবডি তৈরির জন্য দুটি আলাদা জিন সেট থাকে, যা অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর চেয়ে ব্যতিক্রম। এই বিশেষ গঠনটিই বাদুড়কে ভয়ংকর সব ভাইরাসের ধারক হওয়া সত্ত্বেও সুস্থ থাকতে সাহায্য করে।

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) সহযোগিতায় এই গবেষণাটি পরিচালিত হয়েছে। গবেষণার ফলাফল সায়েন্স অ্যাডভান্সেস সাময়িকীতে প্রকাশিত হয়েছে।

সাধারণত সব স্তন্যপায়ী প্রাণীর শরীরে অ্যান্টিবডি তৈরির জন্য কেবল একটি জিন সেট থাকে। কিন্তু ভেসপার প্রজাতির ৫০০টিরও বেশি বাদুড়ের ওপর গবেষণা চালিয়ে বিজ্ঞানীরা দেখেছেন, এদের শরীরে থাকা দুটি জিন সেট অ্যান্টিবডি তৈরির ক্ষেত্রে বাড়তি বৈচিত্র্য প্রদান করে। এই বৈচিত্র্যই তাদের ভাইরাস মোকাবিলায় অনন্য ক্ষমতা দেয়।

টুলেন বিশ্ববিদ্যালয়ের বাস্তুবিদ্যা ও বিবর্তনীয় জীববিজ্ঞানের সহযোগী অধ্যাপক হানা ফ্রাঙ্ক জানিয়েছেন, স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে এমন রোগ প্রতিরোধ ক্ষমতা আগে কখনো দেখা যায়নি। এটি বাদুড়ের বিবর্তনীয় সাফল্য এবং তাদের ভাইরাসপ্রতিরোধী সক্ষমতার নতুন দিগন্ত উন্মোচন করেছে।

গবেষকদের মতে, বাদুড় প্রাকৃতিকভাবেই বিভিন্ন ভাইরাসের ধারক হিসেবে কাজ করে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় পরাগায়ন ও কীটপতঙ্গ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন এই তথ্য মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বোঝা এবং বিভিন্ন প্রাণীর মধ্যে ভাইরাস ছড়িয়ে পড়ার ঝুঁকি মোকাবিলায় নতুন কৌশল তৈরিতে সাহায্য করতে পারে।

Leave a Comment