যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে তিন সন্তান হত্যার দায়ে অভিযুক্ত লিন্ডসে ক্ল্যানসির মামলার বিচারক উইলিয়াম সুলিভান শুক্রবার মিস্ট্রায়াল ঘোষণা করেছেন। দীর্ঘ এক সপ্তাহ আলোচনার পরও জুরি সদস্যরা অভিযুক্তের অপরাধের বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্তে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় বিচারক এই আদেশ দেন। এই রায় মামলার ভবিষ্যতকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে।
বিচারক উইলিয়াম সুলিভান জুরিদের উদ্দেশ্য করে বলেন, কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব না হওয়ায় তিনি এই মামলাটি মিস্ট্রায়াল ঘোষণা করছেন। এর মানে এই নয় যে প্রসিকিউটররা অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছেন, আবার এর অর্থ এইও নয় যে আসামি নির্দোষ। আগামী ২৯ সেপ্টেম্বর পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে, যেখানে প্রসিকিউশন পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানাবে।
৩৬ বছর বয়সী সাবেক নার্স লিন্ডসে ক্ল্যানসি বর্তমানে ম্যাসাচুসেটসের একটি মানসিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে আটক রয়েছেন। মামলার পরবর্তী কার্যক্রমে নতুন করে বিচার প্রক্রিয়া শুরু হতে পারে অথবা কোনো সমঝোতা চুক্তিতে পৌঁছাতে পারে কর্তৃপক্ষ।
২০২৩ সালে নিজের তিন সন্তান কোরা, ডসন ও কালানকে শ্বাসরোধ করে হত্যার ঘটনাটি ঘটে। ওই ঘটনার পর ক্ল্যানসি নিজেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন, যার ফলে তিনি বর্তমানে পক্ষাঘাতগ্রস্ত। মামলার শুনানিতে তার আইনজীবীরা যুক্তি তুলে ধরেন যে, সন্তান জন্মের পর তিনি প্রসবোত্তর মানসিক রোগে (পোস্টপার্টাম সাইকোসিস) ভুগছিলেন এবং তাই তার অপরাধের দায়ভার গ্রহণ করা উচিত নয়।
এই মামলাটি পুরো যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একে একটি ভয়াবহ ট্র্যাজেডি হিসেবে অভিহিত করেছেন। রায়ের সময় আদালতে উপস্থিত ক্ল্যানসির আইনজীবী কেভিন রেডিংটন মামলার কার্যক্রম চালিয়ে যাওয়ার অনুরোধ জানালেও বিচারক তা নাকচ করে দেন।