ডুয়াল-ব্যান্ড বনাম ট্রাই-ব্যান্ড রাউটার: আপনার জন্য কোনটি উপযুক্ত?

September 7, 2026

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেট-এর প্রতিবেদনে রাউটারের ডুয়াল-ব্যান্ড এবং ট্রাই-ব্যান্ডের মধ্যে মূল পার্থক্যগুলো তুলে ধরা হয়েছে। স্মার্ট হোম বা অফিসের নেটওয়ার্ক ব্যবহারের ক্ষেত্রে কোন ধরনের রাউটার বেছে নেওয়া উচিত, তা নির্ধারণে এই পার্থক্য জানা গুরুত্বপূর্ণ।

রাউটারের ব্যান্ডের কাজ

একটি ওয়াই-ফাই ব্যান্ডকে হাইওয়ের লেনের সঙ্গে তুলনা করা যায়, যেখানে বিভিন্ন লেনের নিজস্ব সুবিধা ও সীমাবদ্ধতা রয়েছে। সাধারণত ২.৪ গিগাহার্জ ব্যান্ডের পরিসীমা বেশি এবং এটি দেয়াল ভেদ করে ভালোভাবে সিগন্যাল পাঠাতে পারে, তবে এর গতি কম এবং নেটওয়ার্ক জ্যামের প্রবণতা বেশি থাকে। ৫ গিগাহার্জ ব্যান্ড তুলনামূলক দ্রুত গতির হলেও এর পরিসীমা কম। অন্যদিকে, ৬ গিগাহার্জ ব্যান্ড সবচেয়ে দ্রুতগতির এবং এতে ইন্টারফারেন্স খুবই কম হয়, তবে এর পরিসীমা সবচেয়ে কম এবং সব ডিভাইসে এটি কাজ করে না।

ট্রাই-ব্যান্ড বনাম ডুয়াল-ব্যান্ড

ডুয়াল-ব্যান্ড রাউটারে সাধারণত একটি ২.৪ গিগাহার্জ এবং একটি ৫ গিগাহার্জ ব্যান্ড থাকে। ট্রাই-ব্যান্ড রাউটারে অতিরিক্ত একটি ব্যান্ড থাকে, যা নেটওয়ার্কের ধারণক্ষমতা বাড়ায়। নতুন প্রযুক্তির ওয়াই-ফাই ৬ই বা ওয়াই-ফাই ৭ ট্রাই-ব্যান্ড রাউটারে ২.৪ গিগাহার্জ, ৫ গিগাহার্জ ও ৬ গিগাহার্জ ব্যান্ড থাকে।

ব্যবহারকারীর প্রয়োজন

বাড়িতে যদি ডিভাইসের সংখ্যা অনেক বেশি হয় এবং একসঙ্গে অনেকে ৪কে স্ট্রিমিং, অনলাইন গেমিং বা ভিডিও কলে ব্যস্ত থাকেন, তবেই কেবল ট্রাই-ব্যান্ড রাউটার কার্যকর ভূমিকা রাখে। সাধারণ ব্যবহারের ক্ষেত্রে একটি ভালো মানের ডুয়াল-ব্যান্ড রাউটারই যথেষ্ট। তবে মেশ নেটওয়ার্ক (Mesh Network) ব্যবহারের ক্ষেত্রে ট্রাই-ব্যান্ড রাউটার অনেক বেশি সুবিধাজনক। এতে তৃতীয় ব্যান্ডটি নেটওয়ার্ক নোডগুলোর মধ্যে তথ্যের আদান-প্রদান বা ব্যাকহলের জন্য বরাদ্দ রাখা যায়, যা বাকি ব্যান্ডগুলোকে ব্যবহারকারীর ডিভাইসের জন্য মুক্ত রাখে।

Leave a Comment