মিথেন গ্যাস রূপান্তরের গোপন পারমাণবিক গঠন আবিষ্কার করলেন চীনা বিজ্ঞানীরা

September 10, 2026

চীনের ডালিয়ান শহরে অবস্থিত ডালিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল ফিজিক্সের বিজ্ঞানীরা মিথেন গ্যাসকে শিল্পে ব্যবহারযোগ্য গ্যাসে রূপান্তরের নতুন এক পারমাণবিক কৌশলের সন্ধান পেয়েছেন। মিথেনের আংশিক জারণ প্রক্রিয়ায় মূলত নিকেল ধাতুর কণা কাজ করে বলে এতদিন বিজ্ঞানীদের ধারণা ছিল। তবে গবেষণায় দেখা গেছে, বিক্রিয়ার সময় নিকেল অক্সাইডের উপরিভাগে তৈরি হওয়া এক বিশেষ পারমাণবিক কাঠামোই আসলে প্রভাবক হিসেবে মূল ভূমিকা পালন করে।

প্রথাগত পদ্ধতিতে নিকেল ধাতুর ওপর ভিত্তি করে মিথেন রূপান্তর করা হতো, যাতে বিপুল পরিমাণ ধাতুর প্রয়োজন পড়ত। নতুন এই আবিষ্কারের ফলে অনেক কম নিকেল ব্যবহার করেও সমপরিমাণ কার্যকর ফলাফল পাওয়া সম্ভব। গবেষকরা জানিয়েছেন, বিক্রিয়ার উত্তপ্ত পরিস্থিতিতে নিকেল অক্সাইডের উপরিভাগে ‘Ni1O4Ni4’ নামক এক কাঠামোর সৃষ্টি হয়, যা মিথেনের কার্বন-হাইড্রোজেন বন্ধন ভাঙতে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে।

এই গবেষণায় নেতৃত্ব দিয়েছেন ডালিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল ফিজিক্সের অধ্যাপক তাও ঝাং, আইকিন ওয়াং, জিয়াওইয়ান লিউ এবং ওয়েই লিউ। তাদের সঙ্গে যুক্ত ছিলেন জিয়ান জিয়াওটং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাও ইয়াং এবং কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গ্রাহাম জে. হাচিংস। পরীক্ষার সুবিধার্থে গবেষকরা মাত্র ০.৮ শতাংশ নিকেল সমৃদ্ধ একটি প্রভাবক তৈরি করেন, যা ৯২ শতাংশ মিথেন রূপান্তরে সক্ষম হয়েছে।

বিজ্ঞানীদের মতে, এই আবিষ্কার শিল্পক্ষেত্রে প্রভাবক বা ক্যাটালিস্ট ব্যবহারের ধারণা বদলে দেবে। সাধারণ নিকেল অক্সাইডের তুলনায় এই রূপান্তরিত কাঠামোটি মিথেন অণুকে সক্রিয় করতে অনেক কম শক্তির প্রয়োজন হয়, যা শিল্পকারখানায় জ্বালানি ও রাসায়নিক পণ্য উৎপাদনের খরচ কমাতে সাহায্য করবে। গবেষণাপত্রটি নেচার ক্যাটালিসিস জার্নালে প্রকাশিত হয়েছে।

Leave a Comment