তীব্র দাবদাহে ফ্রান্সে বাড়ছে শ্যাম্পেনের অ্যালকোহলের মাত্রা

September 12, 2026

ফ্রান্সের শ্যাম্পেন অঞ্চলে এ বছর রেকর্ড পরিমাণ তাপমাত্রার কারণে উৎপাদিত শ্যাম্পেনে অ্যালকোহলের মাত্রা বৃদ্ধির অনুমতি দেওয়া হয়েছে। শ্যাম্পেন শিল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, অতিরিক্ত গরম ও খরা পরিস্থিতিতে আঙুরে চিনির পরিমাণ অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফারমেন্টেশন বা গাঁজন প্রক্রিয়ায় এই চিনি অ্যালকোহলে রূপান্তরিত হয়।

সাধারণত শ্যাম্পেনে অ্যালকোহলের মাত্রা ১৩ শতাংশের মধ্যে সীমাবদ্ধ থাকে। তবে এই বছর মাত্রার কিছুটা ছাড় দিয়ে তা ১৫ শতাংশ পর্যন্ত করার অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ। শ্যাম্পেন প্রস্তুতকারকদের সংগঠন ‘কোমিতে শ্যাম্পেন’-এর একজন মুখপাত্র জানিয়েছেন, অল্প সংখ্যক ওয়াইন এই সীমা অতিক্রম করতে পারে, যা সাময়িকভাবে মেনে নেওয়া হবে।

ফসল কাটার নতুন রেকর্ড

তীব্র দাবদাহের কারণে চলতি বছর শ্যাম্পেন অঞ্চলে ইতিহাসের সবচেয়ে দ্রুততম সময়ে আঙ্গুর কাটার কাজ সম্পন্ন হয়েছে। আগস্টের শুরুতেই এই প্রক্রিয়া শুরু হয়, যা আগে কখনো দেখা যায়নি। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ২০২৬ সালের এই মৌসুমটি ছিল শ্যাম্পেনের ইতিহাসে সবচেয়ে অস্বাভাবিক, যেখানে বসন্তের তুষারপাত ও গ্রীষ্মের পাঁচটি তীব্র তাপপ্রবাহের অভিজ্ঞতা হয়েছে।

ভবিষ্যৎ ও জলবায়ু পরিবর্তন

জলবায়ু পরিবর্তনের ফলে আগামী ১০ থেকে ১৫ বছরের মধ্যে এই ধরনের দ্রুত ফসল কাটার বিষয়টি স্বাভাবিক হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ভেরজেনে অঞ্চলের উৎপাদনকারী স্টেফান ভিগন জানান, ভূমধ্যসাগরীয় জলবায়ু ধীরে ধীরে উত্তরের দিকে সরে আসছে এবং এটি একটি নতুন চক্রের সূচনা হতে পারে। তবে বোর্দোভিত্তিক ওয়াইন বিশেষজ্ঞ জেন অ্যানসনের মতে, ভোক্তারা বর্তমানে কম অ্যালকোহলযুক্ত পানীয় পছন্দ করেন, তাই বাড়তি অ্যালকোহলের শ্যাম্পেন বাজারে খুব একটা আকর্ষণীয় হবে না। এই নতুন শ্যাম্পেন বাজারে আসতে ২০২৮ সাল পর্যন্ত সময় লাগতে পারে, কারণ শ্যাম্পেনকে অন্তত ১৫ মাস সংরক্ষণ বা এজ করতে হয়।

Leave a Comment