আয়ারল্যান্ডের কাউন্টি ক্লেয়ারের ডুনবেগে ট্রাম্প ইন্টারন্যাশনাল গলফ লিঙ্কেস সফরকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ঐক্যবদ্ধ আয়ারল্যান্ডের পক্ষে তার দৃঢ় অবস্থান ব্যক্ত করেছেন। সফরকালীন দ্বিতীয় দিনে আইরিশ ওপেন গলফ টুর্নামেন্ট চলাকালীন সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। এর আগে ডাবলিনে আইরিশ প্রধানমন্ত্রী মিচেল মার্টিনের সাথে বৈঠকেও তিনি একই ধরনের মত পোষণ করেছিলেন।
ডুনবেগে গলফ টুর্নামেন্ট দেখতে আসা ট্রাম্প বলেন, আয়ারল্যান্ড এবং উত্তর আয়ারল্যান্ডকে একত্রে যুক্ত করা একটি স্বাভাবিক বিষয়। তিনি একে অত্যন্ত সাধারণ একটি মন্তব্য হিসেবে আখ্যায়িত করে বলেন, অনেক মানুষই তার এই মতের সাথে একমত পোষণ করেন। স্কটল্যান্ডের স্বাধীনতা প্রসঙ্গে কোনো মন্তব্য করতে রাজি না হলেও আয়ারল্যান্ডের একীকরণ ইস্যুতে তিনি তার অবস্থান থেকে সরেননি।
আইরিশ প্রধানমন্ত্রী মিচেল মার্টিন জানিয়েছেন, ট্রাম্পের এই মন্তব্য তার কাছে বিস্ময়কর নয়। এর আগেও ওয়াশিংটনে সেন্ট প্যাট্রিক ডে উদযাপনের সময় ট্রাম্প একই ধরনের কথা বলেছিলেন। মার্টিনের মতে, ট্রাম্পের এই দৃষ্টিভঙ্গিকে অনেকেই অতিরঞ্জিতভাবে দেখছেন, যা ঠিক নয়। ট্রাম্পের এই সফরকে কেন্দ্র করে শনিবার ডাবলিনে ১০ হাজার মানুষের বিক্ষোভের পর রবিবার ডুনবেগেও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে।
এদিকে ট্রাম্পের এই সফর এবং তার গলফ কোর্স নিয়ে স্থানীয় পর্যায়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে রাজনৈতিকভাবে তার বিরোধিতাকারীদের সাথে একমত পোষণ করলেও ডুনবেগের স্থানীয় ব্যবসায়ীরা বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মতে, ট্রাম্পের এই গলফ কোর্সটি ওই এলাকায় কর্মসংস্থান সৃষ্টি ও স্থানীয় অর্থনীতি সচল রাখতে বড় ভূমিকা রাখছে।
রবিবার ডুনবেগে গলফ টুর্নামেন্টের বিজয়ীর হাতে ট্রাম্পের ট্রফি তুলে দেওয়ার কথা রয়েছে। অনুষ্ঠান শেষে দুই দিনের সফর শেষ করে তার যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার কথা রয়েছে।