বিদ্যুৎ কেন্দ্রের কার্বন নিঃসরণ নিয়ন্ত্রণ তুলে নেওয়ার পরিকল্পনা মার্কিন ইপিএ’র

September 15, 2026

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে পরিবেশ সংরক্ষণ সংস্থা এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি (ইপিএ) বিদ্যুৎ কেন্দ্রগুলোর গ্রিনহাউস গ্যাস নিঃসরণ নিয়ন্ত্রণের নিয়ম বাতিলের ঘোষণা দিয়েছে। সংস্থাটি প্রেসিডেন্ট বাইডেন প্রশাসনের সেই নীতিমালাটি বাতিল করতে চাচ্ছে, যা ২০৩৯ সালের মধ্যে বিদ্যুৎ কেন্দ্রগুলোকে অধিকাংশ গ্রিনহাউস গ্যাস নিঃসরণ বন্ধ করার নির্দেশ দিয়েছিল। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ইপিএ দাবি করছে যে, ক্লিন এয়ার অ্যাক্টের অধীনে বিদ্যুৎ কেন্দ্রের নিঃসরণ নিয়ন্ত্রণের ক্ষমতা তাদের নেই। তাদের ভাষ্যমতে, গ্রিনহাউস গ্যাস জনস্বাস্থ্য বা পরিবেশের কোনো ক্ষতি করে না, যদিও বিজ্ঞানীদের পক্ষ থেকে এই দাবিকে ভুল ও ভিত্তিহীন হিসেবে আখ্যায়িত করা হয়েছে।

এই উদ্যোগ বাস্তবায়ন হলে ভবিষ্যতে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ নিয়ন্ত্রণের পথ রুদ্ধ হয়ে যেতে পারে। জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা সতর্ক করে বলেছে, গ্রিনহাউস গ্যাসের কারণেই বর্তমানে তীব্র আবহাওয়া ও দুর্যোগের ঝুঁকি বাড়ছে।

ইপিএ-এর এই পদক্ষেপটি বর্তমান প্রশাসনের পরিবেশ নীতি পরিবর্তনের ধারাবাহিকতার অংশ। এর আগে ২০২৫ সালে যুক্তরাষ্ট্র প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে যায় এবং ২০২৬ সালের শুরুর দিকে সংস্থাটি ‘এন্ডেঞ্জারমেন্ট ফাইন্ডিং’ নামক একটি নীতিমালা বাতিল করে। ২০০৯ সালের ওই নীতিমালাটি গ্রিনহাউস গ্যাসের স্বাস্থ্যঝুঁকি নিশ্চিত করে এবং ইপিএ-কে নিঃসরণ নিয়ন্ত্রণের আইনি ভিত্তি প্রদান করেছিল।

বিশ্লেষকদের ধারণা, ইপিএ-এর এই নতুন পদক্ষেপের বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ আসতে পারে। তবে আদালতের চূড়ান্ত রায় আসতে দীর্ঘ সময় লাগতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশবাদীরা, কারণ জলবায়ু পরিবর্তনের ফলে তাপমাত্রা বৃদ্ধি মোকাবিলায় বিশ্বের হাতে এখন খুব কম সময় অবশিষ্ট রয়েছে।

Leave a Comment