ব্যায়ামের সময় চকলেটর সুগন্ধ বাড়ায় শরীরচর্চার সক্ষমতা

September 15, 2026

মালয়েশিয়ার ইউনিভার্সিটি অব মালায়ার ফ্যাকাল্টি অব স্পোর্টস অ্যান্ড এক্সারসাইজ সায়েন্সের গবেষকরা জানিয়েছেন, ব্যায়ামের আগে ও চলাকালীন চকলেটের সুগন্ধ নিলে শরীরচর্চার সক্ষমতা বাড়ে। এই গবেষণার মূল লেখক এবং ক্রীড়া বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ নসরুদ্দিন বিন নাহারুদ্দিন জানান, ব্যায়ামের ক্লান্তি অনুভব না করেই শরীরচর্চার পরিধি বাড়ানো সম্ভব হচ্ছে এই প্রক্রিয়ার মাধ্যমে।

গবেষণায় ২০ থেকে ২৫ বছর বয়সী ২৩ জন সুস্থ ও নিয়মিত ব্যায়াম করা তরুণকে অন্তর্ভুক্ত করা হয়। তাদের তিনটি গ্রুপে ভাগ করে ৯০ শতাংশ কোকোযুক্ত ডার্ক চকলেট, ৬০ শতাংশ কোকোযুক্ত মিল্ক চকলেট এবং সাধারণ পানির ঘ্রাণ নিতে দেওয়া হয়। গবেষণার আগে অংশগ্রহণকারীদের অন্তত ১০ ঘণ্টা খালি পেটে রাখা হয়েছিল। এরপর তারা লেগ এক্সটেনশন ব্যায়াম করেন।

ফলাফলে দেখা যায়, ডার্ক চকলেটের ঘ্রাণ গ্রহণকারীদের লেগ এক্সটেনশনের সংখ্যা গড়ে ১৮টি পর্যন্ত বেড়েছে। অন্যদিকে, মিল্ক চকলেটের সুগন্ধ পাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে এই সংখ্যা বেড়েছে ৯টি। গবেষকদের মতে, চকলেটের পরিচিত ঘ্রাণ মস্তিষ্কে তৃপ্তির সংকেত পাঠায়, যা শরীরকে ক্লান্ত না করে ব্যায়াম চালিয়ে যেতে সহায়তা করে।

ড. মোহাম্মদ নসরুদ্দিনের মতে, ডার্ক চকলেটের সুগন্ধ মস্তিষ্ককে এমনভাবে প্রস্তুত করে যেন শরীর কোনো ভারী ও তৃপ্তিদায়ক খাবার খেয়েছে। ফলে ব্যায়ামের সময় শারীরিক পরিশ্রমের চাপ কম মনে হয়। তবে এটি কেবল ব্যায়ামের ক্ষেত্রে কার্যকর কি না বা অন্যান্য খাবারের সুগন্ধ একই প্রভাব ফেলে কি না, তা নিয়ে আরও বড় পরিসরে গবেষণার প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন গবেষকরা।

Leave a Comment