মাউন্ট ফুজিতে অফ-সিজনে উদ্ধার অভিযানে খরচ গুনতে হবে পর্বতারোহীদের

September 16, 2026

জাপানের ইয়ামানশিতে মাউন্ট ফুজিতে অফ-সিজনে পর্বতারোহণের সময় বিপদে পড়ে হেলিকপ্টার উদ্ধারের প্রয়োজন হলে সংশ্লিষ্ট ব্যক্তিকেই সেই খরচের দায় নিতে হবে। স্থানীয় ইয়ামানশি প্রিফেকচারের কর্তৃপক্ষ জানিয়েছে, অদূরদর্শী ও অপরিকল্পিতভাবে পর্বতারোহণ নিরুৎসাহিত করতে নতুন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী বছর থেকে এটি কার্যকর হবে।

বর্তমানে নিকটবর্তী সাইতামা প্রিফেকচারে পার্বত্য এলাকায় প্রতি পাঁচ মিনিটের উদ্ধার অভিযানের জন্য আট হাজার ইয়েন ফি প্রচলিত রয়েছে। ইয়ামানশি কর্তৃপক্ষ সেই ফি-কে ভিত্তি হিসেবে ধরে তাদের নীতিমালা নির্ধারণ করবে। অফ-সিজন বা সেপ্টেম্বরের শুরু থেকে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত মাউন্ট ফুজিতে উঠতে ইচ্ছুকদের এখন থেকে বিস্তারিত পরিকল্পনা জমা দিতে হবে।

ইয়ামানশির গভর্নর কোতারো নাগাসাকি সোমবার এক বিবৃতিতে বলেন, সাধারণ জনগণের প্রতি আমাদের অনুরোধ, অফ-সিজনে পাহাড় আরোহন থেকে বিরত থাকুন। এই কঠোর পদক্ষেপের মাধ্যমে মানুষ শীতকালে মাউন্ট ফুজির পরিবেশ ও ঝুঁকি সম্পর্কে পুনরায় চিন্তা করতে বাধ্য হবে বলে আমরা আশা করি।

মাউন্ট ফুজির দক্ষিণভাগের দায়িত্বপ্রাপ্ত শিজুওকা প্রিফেকচারও অফ-সিজনে আরোহীদের নিবন্ধন বাধ্যতামূলক করার কথা জানিয়েছে। সেখানে নিয়মের তোয়াক্কা না করলে জরিমানার ব্যবস্থা থাকবে। মূল পাহাড়ের আনুষ্ঠানিক আরোহণের মৌসুম হলো জুলাই থেকে সেপ্টেম্বরের শুরু পর্যন্ত, যখন বছরে প্রায় দুই লাখ মানুষ চূড়ায় যাওয়ার চেষ্টা করেন। অফ-সিজনে পাহাড়ের বেশিরভাগ সুবিধা বন্ধ থাকায় আবহাওয়া ও পথ চলা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

Leave a Comment