কানের গ্র্যান্ড প্রিক্স জয়ী পরিচালক আন্দ্রেই জভিয়ান্তসেভকে ‘বিদেশি এজেন্ট’ ঘোষণা রাশিয়ার

September 19, 2026

রাশিয়ার মস্কোতে ইউক্রেন যুদ্ধের সমালোচনা করার দায়ে প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক আন্দ্রেই জভিয়ান্তসেভকে ‘বিদেশি এজেন্ট’ হিসেবে তালিকাভুক্ত করেছে রাশিয়ার কর্তৃপক্ষ। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার দেশটির বিচার মন্ত্রণালয় এই ঘোষণা দেয়। আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতিমান এই পরিচালকের বিরুদ্ধে সরকারি নীতি ও সিদ্ধান্তের বিষয়ে ভুল তথ্য ছড়ানোর অভিযোগ আনা হয়েছে।

চলতি বছর কান চলচ্চিত্র উৎসবে জভিয়ান্তসেভ তার ‘মিনোটর’ চলচ্চিত্রের জন্য গ্র্যান্ড প্রিক্স জয় করেন। চলচ্চিত্রটিতে এক রাশিয়ান ব্যবসায়ীর গল্প তুলে ধরা হয়েছে, যাকে সিদ্ধান্ত নিতে হয় যে তার কোন কর্মীকে ইউক্রেন যুদ্ধে পাঠানোর জন্য সচল বা সংক্রিয় করা হবে। পুরস্কার গ্রহণকালে নিজের বক্তব্যে তিনি যুদ্ধের ভয়াবহতা তুলে ধরেন এবং যুদ্ধ থামাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উদ্যোগ প্রত্যাশা করেন।

রাশিয়ার বিচার মন্ত্রণালয়ের দাবি, জভিয়ান্তসেভ রাশিয়ার বাইরে বসবাস করছেন এবং বিদেশি এজেন্টদের সঙ্গে যোগাযোগ রাখছেন। বর্তমানে ৬২ বছর বয়সী এই পরিচালক করোনা মহামারির সময় থেকেই রাশিয়ার বাইরে বসবাস করছেন। এর আগেও তিনি ‘দ্য রিটার্ন’, ‘দ্য ব্যানিশমেন্ট’ এবং ‘লেভিয়াথান’-এর মতো প্রভাবশালী চলচ্চিত্র নির্মাণ করেছেন।

বিদেশি এজেন্ট হিসেবে তালিকাভুক্ত হওয়ার ফলে জভিয়ান্তসেভকে কঠোর আইনি ও আমলাতান্ত্রিক জটিলতার মুখোমুখি হতে হবে। রাশিয়ায় এই তকমা পাওয়া ব্যক্তিদের জন্য সরকারি পদে নিয়োগ নিষিদ্ধ এবং আয়ের ওপর বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়। এছাড়া, সামাজিক যোগাযোগমাধ্যমসহ সব ধরনের প্রকাশনায় তাকে ‘বিদেশি এজেন্ট’ কর্তৃক উৎপাদিত সতর্কবার্তা যুক্ত করতে হয়।

রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষয়ক্ষতির প্রকৃত তথ্য প্রকাশে কঠোর নিয়ন্ত্রণ বজায় রেখেছে। চার বছর ধরে চলা এই যুদ্ধে রুশ সেনাদের মৃত্যুর সংখ্যা নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক মহলে ২ লাখ থেকে ৫ লাখের বেশি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। জভিয়ান্তসেভের আগে লেখক বরিস আকুনিন এবং রক সংগীতশিল্পী বরিস গ্রেবেনশ্চিকভকেও একই তকমা দিয়েছে মস্কো।

Leave a Comment