যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ইউএফসি ৩৩১-এ ব্রাজিলের আলেজান্দ্রে পান্তোজাকে সর্বসম্মত সিদ্ধান্তে হারিয়ে ফ্লাইওয়েট শিরোপা ধরে রেখেছেন মিয়ানমারের জোশুয়া ভ্যান। এই জয়ের মধ্য দিয়ে ২৪ বছর বয়সী ভ্যান ১২৫ পাউন্ড ওজন শ্রেণিতে নিজের রাজত্ব সুসংহত করলেন। ম্যাচে বিচারকদের রায়ে তিনি ৪৯-৪৬, ৪৯-৪৭ ও ৫০-৪৫ পয়েন্টে জয়ী হন।
গত ডিসেম্বরে তাদের প্রথম লড়াইটি পান্তোজার ইনজুরির কারণে অসমাপ্ত থাকায় ভ্যানের জয় নিয়ে বিতর্ক ছিল। সেই বিতর্ক দূর করে নিজের সামর্থ্য প্রমাণ করলেন ভ্যান। তিনি বলেন, অনেক মানুষ আমার আগের জয়টিকে দুর্ঘটনা বলে মনে করত, তাদের এখন আর সন্দেহের অবকাশ নেই।
ম্যাচের শুরুতে পান্তোজা কিছুটা নিয়ন্ত্রণ নিলেও ভ্যান কৌশলী লড়াইয়ের মাধ্যমে ঘুরে দাঁড়ান। দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডে নিজের কব্জির জোরে প্রতিপক্ষকে ব্যাকফুটে ঠেলে দেন তিনি। চতুর্থ রাউন্ডে পান্তোজা তাকে নিচে ফেলে দিলেও সাবমিশনে সফল হতে পারেননি। শেষ রাউন্ডে জোরালো ডান হাতের আঘাতে পান্তোজাকে ধরাশায়ী করে ভ্যান জয় নিশ্চিত করেন।
ইউএফসি ৩৩১-এর অন্যান্য লড়াইয়ে আর্মান সারুকিয়ান প্রথম রাউন্ডেই মাউরিচিও রুফিকে নকআউট করে লাইটওয়েট শিরোপার জন্য নিজের দাবি জোরালো করেছেন। এছাড়া প্যাট্রিসিও পিটবুল দক্ষিণ কোরিয়ার ডুহো চয়কে টিকেও পদ্ধতিতে পরাজিত করেছেন। হেভিওয়েট বিভাগে শন শারাফ মাত্র ১২ সেকেন্ডে গ্যাবল স্টিভসনকে নকআউট করে দিনের অন্যতম অঘটন ঘটান।