রাশিয়ার মস্কোতে ইউক্রেনের চালানো ভয়াবহ ড্রোন হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনের শেষ দিনে এই হামলার বিষয়টি নিশ্চিত করেছেন মস্কোর গভর্নর আন্দ্রে ভোরোবিওভ। রাশিয়ার দাবি, যুদ্ধের শুরুর পর থেকে এটি অন্যতম বড় ড্রোন হামলার ঘটনা, যার লক্ষ্য ছিল মস্কোর গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, গত শনিবার থেকে এ পর্যন্ত মোট ১,৬০০টি ড্রোন ভূপাতিত করা হয়েছে, যার মধ্যে ৪৫০টিই মস্কোর দিকে ধেয়ে আসছিল। ড্রোন হামলায় শহরের একটি তেল শোধনাগারে ক্ষয়ক্ষতি হয়েছে এবং একটি ২১ তলা ভবনে ড্রোন আঘাত হানলে প্রায় ৪০০ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়।
মেয়র সোবিয়ানিন অভিযোগ করেছেন, রাশিয়ার নির্বাচনে বিঘ্ন ঘটানোর উদ্দেশ্যেই এই নজিরবিহীন হামলা চালানো হয়েছে। যদিও তার দাবি, ইউক্রেন তাদের সেই লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে।
অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলার প্রশংসা করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া বার্তায় তিনি জানান, রাশিয়ার যুদ্ধ পরিচালনার অর্থ জোগানদাতা গুরুত্বপূর্ণ তেল স্থাপনা ও লজিস্টিক কেন্দ্রে আঘাত হানা হয়েছে।
এদিকে একই সময়ে পাল্টা আক্রমণে ইউক্রেনের কিয়েভ অঞ্চলে রাশিয়ার ড্রোন হামলায় নারী ও শিশুসহ অন্তত চারজন নিহত হয়েছেন। এছাড়া খারসনে রাশিয়ার আর্টিলারি হামলায় আরও তিনজন প্রাণ হারিয়েছেন এবং নয়জন আহত হয়েছেন বলে স্থানীয় পুলিশ জানিয়েছে। যুদ্ধের পঞ্চম বছরে এসে দুই দেশের মধ্যে এই দূরপাল্লার হামলার তীব্রতা আগের চেয়ে অনেক বেড়েছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন।