সুইডেনের নৌঘাঁটির কাছে রাশিয়ার মালিকানাধীন সম্পত্তি বাজেয়াপ্ত করতে চায় সেনাবাহিনী

August 26, 2026

সুইডেনের স্টকহোম দ্বীপপুঞ্জের মাস্কো নৌঘাঁটির কাছে রাশিয়ার মালিকানাধীন একটি সম্পত্তি নিরাপত্তার খাতিরে বাজেয়াপ্ত করার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছে দেশটির সেনাবাহিনী। সুইডিশ সশস্ত্র বাহিনীর ভাষ্যমতে, ড্রোন হামলার হুমকি এবং সম্পত্তির মালিকানা সংক্রান্ত জটিলতার কারণে এই কৌশলগত জায়গাটি সরকারের নিয়ন্ত্রণে নেওয়া জরুরি।

সুইডেনের সামরিক সূত্রের খবর অনুযায়ী, মাস্কো দ্বীপে রাশিয়ার সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যবসায়ী বিলাসবহুল বাড়ি নির্মাণ করছেন। যদিও সম্পত্তির নিবন্ধিত মালিক ওই ব্যবসায়ীর স্ত্রী, যিনি রাশিয়া ও সুইডেনের দ্বৈত নাগরিক। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, নৌঘাঁটির নিকটবর্তী এই জায়গাটি রুশ নজরদারির সুযোগ তৈরি করতে পারে, যা সুইডেনের সামরিক নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ।

ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের জেরে দুই শতাব্দীর নিরপেক্ষ অবস্থান ত্যাগ করে গত দুই বছর আগে ন্যাটোতে যোগ দেয় সুইডেন। সামরিক বাহিনীর বিবৃতিতে উল্লেখ করা হয়, ড্রোন যুদ্ধের এই যুগে মাস্কো নৌঘাঁটির সুরক্ষায় নতুন করে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা প্রয়োজন। বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে এটি সুইডেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

সুইডেনের প্রতিরক্ষামন্ত্রী পল জনসন গণমাধ্যমকে জানিয়েছেন, দেশের প্রতিরক্ষা এলাকায় কারও মাধ্যমে কোনো প্রকার কৌশলগত সুবিধা পাওয়ার সুযোগ যেন তৈরি না হয়, তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। সুইডেনের চিফ অব ডিফেন্স স্টাফ কার্ল-জোহান এডস্ট্রমের মতে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির পর এটাই সুইডেনের জন্য সবচেয়ে ভয়াবহ নিরাপত্তা ঝুঁকি। তবে ওই ব্যবসায়ী বর্তমানে সুইডেনে অবস্থান করছেন কিনা, সে বিষয়ে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

Leave a Comment