কাগজপত্র জটিলতায় গ্যারেথ আনকম্বের স্কারলেটস অভিষেক বিলম্বিত

September 7, 2026

যুক্তরাজ্যের লানেলিতে নিবন্ধনের জটিলতায় ওয়েলসের তারকা রাগবি খেলোয়াড় গ্যারেথ আনকম্বের স্কারলেটস অভিষেক বিলম্বিত হয়েছে। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনীয় কাগজপত্রের অভাবে গত সপ্তাহে এক্সেটার চিফসয়ের বিপক্ষে প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে তাকে খেলানো সম্ভব হয়নি।

৩৫ বছর বয়সী এই ফ্লাই-হাফ খেলোয়াড়কে গত সপ্তাহে স্যান্ডি পার্কে এক্সেটারের বিপক্ষে ম্যাচের শুরুর একাদশে রাখা হয়েছিল। তবে কিক-অফের ঠিক আগ মুহূর্তে তাকে দল থেকে সরিয়ে নেওয়া হয়। স্কারলেটস নিশ্চিত করেছে যে, শারীরিক কোনো ইনজুরি নয়, বরং প্রশাসনিক নিবন্ধনের সমস্যার কারণেই তিনি খেলতে পারেননি।

ক্লাব কর্তৃপক্ষ আশা করছে, খুব দ্রুত এই জটিলতা কেটে যাবে। সবকিছু ঠিক থাকলে আগামী ১১ সেপ্টেম্বর পার্ক ই স্কারলেটে ড্রাগন্সের বিপক্ষে ম্যাচে তিনি প্রথমবারের মতো মাঠে নামতে পারবেন।

বর্তমানে তিনি খেলার জন্য পুরোপুরি ফিট আছেন এবং দলের সঙ্গে নিয়মিত অনুশীলনও করছেন। এক্সেটারের বিপক্ষে ৩৬-১৫ ব্যবধানে জয়ের ম্যাচটিতে তিনি মাঠে উপস্থিত ছিলেন এবং দলের ওয়ার্ম-আপ সেশনেও অংশ নিয়েছিলেন।

গ্যারেথ আনকম্ব গত গ্রীষ্মে ফ্রান্সের বেয়োন থেকে ফিরে আবারো ওয়েলসের রাগবিতে যোগ দিয়েছেন। কার্ডিফ এবং ওসপ্রেইসের হয়ে খেলা এই অভিজ্ঞ খেলোয়াড়কে দলে নেওয়া হয়েছে স্যাম কস্টেলোর বিকল্প হিসেবে। কস্টেলোর ইনজুরিজনিত অনুপস্থিতিতে দলের ১০ নম্বর পজিশনের দুর্বলতা কাটাতেই মূলত তার এই অন্তর্ভুক্তি।

ড্রাগন্সের পর আগামী শুক্রবার সারাসেন্সের বিপক্ষে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে স্কারলেটস। এরপর ২৬ সেপ্টেম্বর কার্ডিফের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের ইউনাইটেড রাগবি চ্যাম্পিয়নশিপের যাত্রা শুরু হবে।

Leave a Comment