গ্রিনল্যান্ডে ম্যানহাটনের সমান বিশাল বরফখণ্ড বিচ্ছিন্ন

August 26, 2026

গ্রিনল্যান্ডের উত্তর-পশ্চিমাঞ্চলের পিটারম্যান হিমবাহ থেকে ম্যানহাটনের সমান আয়তনের একটি বিশাল বরফের দ্বীপ বিচ্ছিন্ন হয়েছে। ইউরোপীয় মহাকাশ সংস্থা (ইএসএ)-এর কোপার্নিকাস সেন্টিনেল-১ মিশনের তথ্য অনুযায়ী, গত ৪ আগস্ট ৭৬ বর্গকিলোমিটার আয়তনের এই বরফখণ্ডটি হিমবাহের মূল অংশ থেকে আলাদা হয়ে যায়। ২০১২ সালের পর এটিই পিটারম্যান হিমবাহ থেকে বিচ্ছিন্ন হওয়া সবচেয়ে বড় বরফের খণ্ড।

বিজ্ঞানীরা জানিয়েছেন, দীর্ঘ সময় ধরে হিমবাহটির ফাটল পর্যবেক্ষণ করা হচ্ছিল। স্যাটেলাইট রাডারের মাধ্যমে সংগৃহীত তথ্য থেকে দেখা যায়, আগস্টের শুরুতেই বরফের স্তরে ফাটল ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং একদিনের ব্যবধানেই বিশাল এই অংশটি মূল হিমবাহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। প্রায় ১৫০ মিটার পুরু এই বরফখণ্ডটি এখন সাগরে ভাসছে।

গবেষকদের মতে, ভবিষ্যতে পিটারম্যান হিমবাহ থেকে আরও দুটি বিশাল বরফখণ্ড বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে হিমবাহটিতে বিদ্যমান ফাটলগুলো ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, যার ফলে আরও বড় ধরনের পরিবর্তনের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

এই ঘটনার গুরুত্ব ব্যাখ্যা করে বিজ্ঞানীরা বলছেন, আর্কটিক অঞ্চলে এমন বিশাল ও চ্যাপ্টা আকৃতির বরফখণ্ড সচরাচর দেখা যায় না। এই বরফের দ্বীপটি এখন সমুদ্রের স্রোতে ভাসমান অবস্থায় থাকবে। এর ফলে ওই অঞ্চলের নৌ চলাচল এবং সমুদ্রের পরিবেশের ওপর কী ধরনের প্রভাব পড়তে পারে, তা নিয়ে নিবিড় পর্যবেক্ষণ শুরু করেছে কানাডার পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সংস্থা।

ভবিষ্যতে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং হিমবাহের গতিশীলতা বুঝতে এই ঘটনাটি গবেষণার ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন আন্তর্জাতিক গবেষক দলটি।

Leave a Comment