আইওএস ২৭ এ অ্যাপলের নতুন সিরি ব্যবহারের নিয়মাবলী

August 29, 2026

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অ্যাপল তাদের আইওএস ২৭ আপডেটের মাধ্যমে নতুন সিরি ব্যবহারের প্রক্রিয়া উন্মুক্ত করেছে। অ্যাপলের মতে, গুগল বা ওপেনএআই-এর মতো এআই অ্যাসিস্ট্যান্টগুলোর সাথে প্রতিযোগিতায় টিকতে সিরিকে নতুন করে সাজানো হয়েছে। নতুন এই এআই সংস্করণটি ব্যবহারকারীদের জন্য আলাদা অ্যাপ হিসেবেও ব্যবহারের সুযোগ রাখা হয়েছে।

প্রয়োজনীয় শর্তাবলী

আইওএস ২৭ আপডেট থাকলেও সব আইফোনে নতুন সিরি ব্যবহারের সুবিধা নেই। অ্যাপল ইন্টেলিজেন্স ও নতুন সিরি কেবল আইফোন ১৫ প্রো এবং এর পরবর্তী সংস্করণগুলোতে কার্যকর। এছাড়া অঞ্চলভেদে ভাষা ও স্থানীয় নিয়মের কারণে ইউরোপীয় ইউনিয়ন এবং চীনের ব্যবহারকারীরা এই সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন। বর্তমান সংস্করণে সিরি কেবল ইংরেজি ভাষায় কাজ করে।

সিরি এআই চালু করা

আইওএস ২৭ আপডেট করার পর সেটিংস থেকে সিরি অপশনে গিয়ে নতুন সিরি চালু করা যাবে। তবে কিছু ক্ষেত্রে ব্যবহারকারীকে ওয়েটলিস্ট বা অপেক্ষমান তালিকায় থাকতে হতে পারে। নতুন সিরি ব্যবহারের জন্য ডাইনামিক আইল্যান্ড থেকে সোয়াইপ করা, সাইড বাটন চেপে ধরা অথবা সরাসরি ডেডিকেটেড সিরি অ্যাপটি ব্যবহার করা সম্ভব।

অ্যাপ ব্যবহারের নিয়ম

নতুন সিরি অ্যাপে কথোপকথনের ইতিহাস আইক্লাউডের মাধ্যমে সংরক্ষিত থাকে। এতে টেক্সট কার্ড, ইমেজ ও মিডিয়া ফাইলের মাধ্যমে বিস্তারিত উত্তর পাওয়া যায়। ব্যবহারকারীরা অ্যাপে ছবি বা ডকুমেন্ট আপলোড করে প্রাসঙ্গিক তথ্য জানতে পারেন। ব্যক্তিগত মেসেজ বা ইমেইল থেকে তথ্য খুঁজে বের করার ক্ষেত্রেও নতুন সিরি কার্যকর ভূমিকা রাখবে।

ইতিহাস ব্যবস্থাপনা

সিরি অ্যাপের সার্চ বাটন দিয়ে পুরনো কথোপকথন খুঁজে পাওয়া সম্ভব। এছাড়া কথোপকথনের হিস্ট্রি কতদিন সংরক্ষিত থাকবে তা সেটিংস থেকে নির্ধারণ করা যায়। ব্যবহারকারী চাইলে ৩০ দিন, এক বছর অথবা আজীবনের জন্য এই তথ্য সংরক্ষণ করতে পারেন। তবে টাইমার সেট করা বা গান চালানোর মতো সাধারণ কমান্ডগুলো ইতিহাসে জমা থাকে না। বর্তমানে আইওএস ২৭ পাবলিক বেটা ভার্সনে রয়েছে এবং সাধারণ ব্যবহারকারীদের জন্য এটি বড় ধরনের আপডেটের মাধ্যমে যুক্ত হবে।

Leave a Comment