যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট শহরতলিতে এক নির্বাচনী জনসভায় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ডেমোক্র্যাটিক প্রার্থী আব্দুল এল-সায়েদকে ‘শয়তান’ বলে আখ্যা দিয়েছেন। রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সের পক্ষে প্রচারণা চালানোর সময় ভ্যান্স এই মন্তব্য করেন, যা আসন্ন মধ্যবর্তী নির্বাচনের উত্তাপকে আরও বাড়িয়ে তুলেছে। মিশিগানের এই সিনেট আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় দুই পক্ষের রাজনৈতিক লড়াই এখন তুঙ্গে।
জনসভায় ভ্যান্স অভিযোগ করেন যে, আব্দুল এল-সায়েদ মার্কিন সমাজে বিভাজন তৈরির চেষ্টা করছেন এবং তিনি দেশটির ক্ষতি করতে চান। ভ্যান্স বলেন, এল-সায়েদ সন্ত্রাসী মতাদর্শে বিশ্বাসীদের সাথে ওঠাবসা করেন। এর আগে, এল-সায়েদ ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের প্রয়াত দাদাকে নিয়ে একটি মন্তব্য করেছিলেন, যার প্রতিক্রিয়ায় ভ্যান্স তাকে সতর্ক করে বলেন, তার স্ত্রীর নাম যেন এল-সায়েদ আর উচ্চারণ না করেন।
পাল্টা প্রতিক্রিয়ায় আব্দুল এল-সায়েদ সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প প্রশাসনের নীতিমালাকে ‘শয়তানি’ বলে অভিহিত করেছেন। তিনি অভিযোগ করেন, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা কেড়ে নিয়ে ধনকুবেরদের ট্যাক্স সুবিধা দেওয়াই হলো প্রকৃত শয়তানি। তিনি আরও বলেন, জনমানুষের মধ্যে বিভাজন তৈরি করা এবং নিজেদের ক্ষমতার জন্য নৈতিকতা বিসর্জন দেওয়া গ্রহণযোগ্য নয়।
মিশিগানের এই সিনেট নির্বাচন বর্তমানে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি। সাম্প্রতিক জনমত জরিপ অনুযায়ী, রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সের চেয়ে আব্দুল এল-সায়েদ চার শতাংশ পয়েন্টে এগিয়ে রয়েছেন। ২০২৬ সালের এই মধ্যবর্তী নির্বাচন দেশটির ক্ষমতার ভারসাম্য নির্ধারণে বড় ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।