যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের অ্যান্টিখ্রিস্ট মন্তব্যে রক্ষণশীলদের সমর্থন

September 4, 2026

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ‘অ্যান্টিখ্রিস্ট’ এবং ‘পৃথিবীর শেষ সময়’ বা এন্ড টাইমস নিয়ে করা সাম্প্রতিক মন্তব্য অত্যন্ত সাধারণ একটি বিশ্বাস বলে মন্তব্য করেছেন তার ঘনিষ্ঠ বন্ধু ও লেখক রড ড্রেহার। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ড্রেহার জানান, রিপাবলিকান সমর্থক বেশিরভাগ আমেরিকানই এই ধরনের ধর্মীয় ধারণায় বিশ্বাসী, তাই ভ্যান্সের এই বক্তব্যে রাজনৈতিক কোনো ক্ষতির আশঙ্কা নেই।

সম্প্রতি এক খ্রিস্টান পডকাস্টে ভ্যান্স বলেছিলেন, পৃথিবীতে এখন অ্যান্টিখ্রিস্টের উপস্থিতি থাকলে তিনি অবাক হবেন না। যদিও একই আলোচনায় তিনি স্পষ্ট করেন যে, এসব বিষয় নিয়ে তিনি খুব বেশি চিন্তিত নন। তার মূল মনোযোগ এখন দেশের জন্য একজন ভালো নেতা হিসেবে দায়িত্ব পালন করা এবং পরিবারের প্রতি দায়িত্বশীল থাকা।

খ্রিস্টান ধর্মে এন্ড টাইমস বা পৃথিবীর অন্তিম সময় এবং অ্যান্টিখ্রিস্ট বা ঈশ্বরের শত্রুর ধারণাটি বেশ প্রচলিত। ড্রেহারের মতে, যারা খ্রিস্টধর্মের বাইরের মানুষ, তাদের কাছে এই মন্তব্য অদ্ভুত মনে হতে পারে, কিন্তু এটি খ্রিস্টধর্মের একটি স্বীকৃত বিশ্বাস। তিনি আরও উল্লেখ করেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানও অতীতে একই ধরনের মন্তব্য করেছিলেন এবং ভোটারদের কাছে তা স্বাভাবিকভাবেই গৃহীত হয়েছিল।

২০১৯ সালে ক্যাথলিক ধর্মে দীক্ষিত ভ্যান্স তার ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের সঙ্গে রাজনীতিকে সামঞ্জস্যপূর্ণ বলে মনে করেন। ভ্যান্স বর্তমানে হোয়াইট হাউসের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি নিজের ধর্মীয় বিশ্বাসগুলোকেও প্রকাশ্যে তুলে ধরছেন। বৃহস্পতিবার তার হোয়াইট হাউস প্রেস ব্রিফিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে।

Leave a Comment