ক্যামেরুনের ইয়ুন্দেতে দেশটির ফুটবল ফেডারেশনের প্রধান স্যামুয়েল ইতো’র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্তের দাবি জানিয়েছে অ্যাসোসিয়েশন অফ অ্যামেচার ফুটবল ক্লাবস অফ ক্যামেরুন (এসিএফএসি)। রাশিয়ার ফুটবল ইউনিয়নের কাছ থেকে ২০২৩ সালের অক্টোবরে অনুষ্ঠিত দুই দেশের প্রীতি ম্যাচ সংক্রান্ত অর্থ ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে গ্রহণের অভিযোগে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যা দেশটির ফুটবল প্রশাসনের স্বচ্ছতা নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছে।
অভিযোগ অনুযায়ী, রাশিয়ার ফুটবল ইউনিয়ন ক্যামেরুনের ফেডারেশন (ফেকাফুট) এর সঙ্গে চুক্তি লঙ্ঘন করে প্রায় ৫ লাখ ৬৭ হাজার ইউরো (প্রায় ৬ লাখ ৫৫ হাজার ডলার) এমন একটি ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করেছে, যা ফেডারেশনের মালিকানাধীন নয়।
এসিএফএসি জানিয়েছে, তারা স্যামুয়েল ইতো’র বিরুদ্ধে ক্যামেরুনের আদালতে মামলা দায়ের করার প্রক্রিয়া শুরু করেছে। একই সঙ্গে রাশিয়ার ফুটবল ইউনিয়নের বিরুদ্ধেও তারা রাশিয়ায় আইনি অভিযোগ দায়েরের ঘোষণা দিয়েছে।
গত মাসে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর পাশে দাঁড়িয়ে আলোচনার জন্ম দিয়েছিলেন সাবেক বার্সেলোনা ও চেলসি তারকা ইতো। ইনফান্তিনোর পদত্যাগের চাপের মুখেও তার সমর্থক হিসেবে ইতো জানিয়েছিলেন যে তিনি কোনো অন্যায় করেননি। তবে এবার নিজের ফেডারেশনের অর্থ সংক্রান্ত বিতর্কে সরাসরি আইনি চ্যালেঞ্জের মুখে পড়লেন এই ফুটবল কিংবদন্তি।