শনির দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণাকৃতি প্যাটার্নের সন্ধান

September 3, 2026

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের গ্রিনবেল্টে অবস্থিত নাসার গডার্ড স্পেস ফ্লাইট সেন্টারের বিজ্ঞানীরা শনির দক্ষিণ মেরুতে বিশাল এক ১০ কোণাকৃতি বা ডেক্যাগন আকৃতির বায়ুমণ্ডলীয় তরঙ্গের সন্ধান পেয়েছেন। নাসার হাবল স্পেস টেলিস্কোপের পাঠানো ছবিতে এই অদ্ভুত ও বিশালাকার প্যাটার্নটি ধরা পড়েছে, যা গ্রহটির দক্ষিণ গোলার্ধে এর আগে কখনও দেখা যায়নি। এই আবিষ্কারটি সায়েন্স অ্যাডভান্সেস জার্নালে প্রকাশিত হয়েছে।

শনির উত্তর মেরুতে দীর্ঘ সময় ধরে একটি ষড়ভুজাকৃতি বা হেক্সাগন প্যাটার্ন রয়েছে। তবে নতুন আবিষ্কৃত দক্ষিণ মেরুর ১০ কোণাকৃতি এই প্যাটার্নটি ভিন্ন ধরনের এবং এটি ক্রমশ শক্তিশালী হচ্ছে বলে জানিয়েছেন গবেষকরা। এটি মূলত গ্রহটির শক্তিশালী জেট স্ট্রিমের ভেতরে অবস্থিত এবং শনির বায়ুমণ্ডলের একাধিক স্তর জুড়ে বিস্তৃত।

২০২৩ সাল থেকে হাবল টেলিস্কোপের সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে বিজ্ঞানীরা এই প্যাটার্নটি শনাক্ত করেছেন। স্প্যানিশ ইউনিভার্সিটির বাস্ক কান্ট্রির গবেষক অগাস্টিন সানচেজ-লাভেগা এবং শৌখিন জ্যোতির্বিদরা ২০২৪ সালে প্রথম এই তরঙ্গের অস্পষ্ট আভাস পান। পরবর্তীতে ২০২৫ সালের পর্যবেক্ষণে এর ১০ কোণাকৃতি গঠনটি নিশ্চিত হয়।

নাসার গবেষক অ্যামি সাইমন জানান, এই প্যাটার্নটি কেন হঠাৎ তৈরি হলো বা এটি কতদিন স্থায়ী হবে, তা নিয়ে এখনও গবেষণা চলছে। এর গঠন ও স্থায়িত্ব সম্পর্কে বিস্তারিত জানতে নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ এবং কম্পিউটার মডেলিংয়ের সাহায্য নেওয়া হবে। বিজ্ঞানীরা মনে করছেন, এই ঘটনাটি দীর্ঘস্থায়ী কোনো পরিবর্তনের ইঙ্গিত কি না, তা দেখার জন্য নিয়মিত পর্যবেক্ষণ প্রয়োজন।

Leave a Comment