যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন, বয়স্ক ব্যক্তি যারা শিংলসের টিকা বা শিনগ্রিক্স (Shingrix) নিয়েছেন, তাদের পরবর্তী চার বছরে ডিমেনশিয়া বা স্মৃতিভ্রংশের ঝুঁকি ২৪ শতাংশ কমে গেছে। গবেষণার মূল লেখক এবং ব্রাউন ইউনিভার্সিটির স্কুল অফ পাবলিক হেলথের সহকারী অধ্যাপক ক্যালি হেয়েস এই তথ্য জানিয়েছেন। বয়স্কদের দীর্ঘমেয়াদী পরিচর্যা কেন্দ্রে থাকা ব্যক্তিদের ওপর এই গবেষণাটি পরিচালনা করা হয়েছে, যা ডিমেনশিয়া প্রতিরোধে টিকার সম্ভাব্য ভূমিকার নতুন প্রমাণ যোগ করেছে।
গবেষণায় ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের ৫ হাজার ৫০০টিরও বেশি নার্সিং হোমে ভর্তি হওয়া ৬৬ বছর বা তার বেশি বয়সী ৫ লাখ ৯ হাজার ৯২৬ জন মানুষের স্বাস্থ্য রেকর্ড এবং মেডিকেয়ার তথ্য বিশ্লেষণ করা হয়েছে। এর মধ্যে যারা অন্তত একবার শিংলসের টিকা নিয়েছেন, তাদের সঙ্গে টিকা না নেওয়া ব্যক্তিদের স্বাস্থ্যের তুলনামূলক চিত্র তুলে ধরা হয়েছে। গবেষণায় দেখা গেছে, টিকা গ্রহণকারীদের মধ্যে ডিমেনশিয়া হওয়ার হার ১৮.৮ শতাংশ, যেখানে টিকা না নেওয়া ব্যক্তিদের ক্ষেত্রে এই হার ছিল ২৪.৬ শতাংশ।
গবেষক ক্যালি হেয়েসের মতে, শিংলস বা হার্পিস জোস্টার প্রতিরোধের পাশাপাশি এই টিকা মস্তিষ্কের সুরক্ষায় কাজ করছে বলে মনে হচ্ছে। তবে এই ফলাফলের সীমাবদ্ধতা সম্পর্কেও গবেষকরা সতর্ক করেছেন। টিকা গ্রহণকারী ব্যক্তিরা সাধারণত টিকা না নেওয়া ব্যক্তিদের তুলনায় কিছুটা কম বয়সী ও তুলনামূলক বেশি সুস্থ হতে পারেন, যা এই ফলাফলের ওপর প্রভাব ফেলতে পারে।
এই গবেষণার ফল ‘অ্যানালস অফ ইন্টারনাল মেডিসিন’ সাময়িকীতে প্রকাশিত হয়েছে। গবেষকরা জানিয়েছেন, শারীরিক সুস্থতার সাথে মস্তিষ্কের স্বাস্থ্যের গভীর সম্পর্ক রয়েছে। তাই শিংলস প্রতিরোধের মতো সাধারণ একটি পদক্ষেপ কীভাবে দীর্ঘমেয়াদে মানুষের মস্তিষ্কের কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করতে পারে, তা এই গবেষণার মাধ্যমে স্পষ্ট হয়েছে। তবে ডিমেনশিয়া ঝুঁকি সরাসরি কমাতে টিকার ভূমিকা নিশ্চিত করতে আরও ক্লিনিক্যাল ট্রায়ালের প্রয়োজন রয়েছে বলে উল্লেখ করেছেন গবেষক দলটি।